ভিডিও কনফারেন্সিংয়ে ৬৫ উপজেলায় ‘কমিউনিটি আই সেন্টার’ উদ্বোধন

১৬ অক্টোবর, ২০২৩ ১২:০২  

গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে সোমবার (১৬ অক্টোবর) দেশের ৬৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ‘কমিউনিটি আই সেন্টার’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ এখন বদলে যাওয়া বাংলাদেশ। এরইমধ্যে ২০ লাখ মানুষ কমিউনিটি আই সেন্টার থেকে চিকিৎসা নিয়েছে।

একই সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের ৮০টি উন্নয়ন প্রকল্প ও পুনঃখননকৃত ৪৩০টি ছোট নদী, খাল, জলাশয়সহ নতুন অনুমোদিত ২০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়।  

অনুষ্ঠানে চিকিৎসকদের উদ্দেশে প্রধাবনমন্ত্রী বলেন, আপনারা শুধু চিকিৎসা সেবা দিচ্ছেন না, একটা মানুষকে দেখার সুযোগ দিচ্ছেন, এটা অনেক বড় কাজ। তাই চিকিৎসার ক্ষেত্রে যাতে কোনো ধরনের অবহেলা না হয়, সে ব্যবস্থা আমরা করে যাচ্ছি। বিশেষ করে, অন্ধজনের বিলাও আলো, এ কাজটা করছি। সারা বাংলাদেশে অন্ধত্ব দূর করতে মানুষকে সেবা দিচ্ছি। অন্ধত্বের হার ৩৫ শতাংশ কমিয়েছি। আরও কমাতে কাজ করছি।

প্রধানমন্ত্রী আরো বলেন, করোনাকালে চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমাদের প্রতিটি নার্স-চিকিৎসককে আলাদা করে ভাতা দিতে হয়েছে। কারণ সেই সময়ে ভয়ে কেউই এগিয়ে আসতে চায়নি। এমনকি তাদের সুরক্ষায় পিপিইসহ বিভিন্ন ধরনের সুরক্ষা সামগ্রী কিনে দিতে হয়েছে। করোনার টিকা দেওয়ার জন্য ভলান্টিয়ার তৈরি করতে হয়েছে। পৃথিবীর অনেক দেশে লাখ লাখ মানুষ মারা গেছে, আল্লাহর রহমতে আমাদের তেমন ক্ষতি হয়নি।

বিদ্যুৎ ও পানির ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, পানির হাহাকার অনেক জায়গায়। আমরা ব্যবহারে সাশ্রয়ী হলে উদ্বৃত্ত থাকলে রপ্তানি করতে পারবো। বিদ্যুৎ উৎপাদনে আমরা অনেক ভর্তুকি দেই। এটারও ব্যবহারে সাশ্রয়ী হবেন। পাশাপাশি নদী খাল বিল সব কিছু যেনো দূষণমুক্ত হয়, খেয়াল রাখবেন। যেকোনো প্রকল্প প্রণয়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখবেন। জলাধার রাখবেন।

নদীর প্রবাহ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেছেন, নদী আমাদের হার্টের শিরা-উপশিরার মতো।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক প্রমুখ।